চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা ২০২৫’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চাকসু ভবনের ভিপি রুমে মঙ্গলবার (১৯ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এ আন্দোলন ছিল ছাত্রজনতা, কৃষক, শ্রমিক ও শিক্ষকসহ আপামর জনসাধারণের আন্দোলন।
তিনি বলেন, স্বৈরাচারি আমলে ছাত্র সংসদগুলো অকার্যকর ছিল। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অছাত্ররা থাকতো। জুলাইয়ের পর এসবের পরিবর্তন ঘটেছে। তিনি শিক্ষার্থীদের আধুনিক ও নৈতিকতা সম্পন্ন জ্ঞান অর্জন করার আহ্বান জানান।
বক্তরা বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের সেই ত্যাগের কাহিনী ও আজাদির চেতনাকে ধরে রাখতে তরুণদের এই সাহিত্যিক আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম এবং সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বরের সভাপতিত্ব ও চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (আহনাফ) সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।