বরগুনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা। এ ঘটনায় ডিবির ছয় সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যা মামলার আসামি জহিরুলসহ পাঁচজনকে আটক করে।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার জাকিরতবক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— এএসআই অনিক এবং কনস্টেবল প্রিন্স, মাহমুদ, অমিত, আব্দুল্লাহ ও সবুজ। আহতদের বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ অক্টোবর রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্য লিটন ফরাজী, তার বাবা আব্দুর রশিদ ফরাজী ও ভাই রাব্বি ফরাজী গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান আব্দুর রশিদ ফরাজী। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।
ওই মামলার এজাহারভুক্ত আসামি জহিরুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় জহিরুলের স্বজন ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে ডিবির ছয় সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরও চারজনকে আটক করা হয়েছে।
বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘অভিযানের সময় ডিবি সদস্যদের ওপর হামলা ও অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
বরগুনা ডিবির ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘হত্যা মামলার আসামি জহিরুলকে গ্রেপ্তারের সময় তিনি ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালান। জহিরুল মাদক কারবার ও ডাকাতির সঙ্গেও জড়িত বলে তথ্য রয়েছে। হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।’