এক মৌসুমে তিন শিরোপা জয়ের কীর্তি গড়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পর এবার ফেডারেশন কাপও জিতে নিয়েছে দলটি। ফলে চলতি মৌসুমে ট্রেবল সম্পন্ন করল করপোরেট ক্লাবটি। ২০১৮ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পর এটি তাদের দ্বিতীয় ট্রেবল। এর আগে ২০২৩-২৪ মৌসুমে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতেছিল তারা।
বুধবার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে কিংস। চলতি মৌসুমে নানা নাটকীয়তার মধ্য দিয়ে সময় পার করেছে বসুন্ধরা কিংস। কোচ ও ফুটবলারদের অভিযোগের কারণে ক্লাবটির ওপর রয়েছে ১১টি নিষেধাজ্ঞা। দলবদলেও আছে ফিফার নিষেধাজ্ঞা। পারিশ্রমিক না পাওয়ায় লিগের কয়েকটি ম্যাচে বিদেশি ফুটবলাররা খেলতেও নামেননি। তবে সব বাধা পেরিয়ে এক ম্যাচ হাতে রেখেই গত শুক্রবার লিগ শিরোপা নিশ্চিত করে তারা। এবার ঘরে তুলল ফেডারেশন কাপের ট্রফিও।
নিরাপত্তার কারণ দেখিয়ে কিংস অ্যারেনায় খেলতে প্রথমে আপত্তি জানিয়েছিল মোহামেডান। পরে আলোচনা শেষে ফাইনাল অনুষ্ঠিত হয় সেখানেই। ম্যাচে গ্যালারিতে দেখা যায় স্মোক ফ্লেয়ার। প্রয়াত ‘আতা ভাই’-এর ছবিসংবলিত বিশাল ব্যানার নিয়ে হাজির হন মোহামেডান সমর্থকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। প্রথম সাফল্য পায় মোহামেডান। ম্যাচের চতুর্থ মিনিটে ফ্রিকিক থেকে সরাসরি গোল করেন মোজাফফরভ (১-০)। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর আদলে উদযাপন করেন তিনি। তবে দুই মিনিট পরই সমতায় ফেরে কিংস। মোহামেডানের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর ফাউলে বক্সে পড়ে যান স্যামুয়েল। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে গোল করেন ডরিয়েলটন গোমেজ (১-১)। ৩৫তম মিনিটে জাহিদ শান্তর ক্রস থেকে গোল করে মোহামেডানকে আবারও এগিয়ে দেন সৌরভ দেওয়ান (২-১)। তবে ২২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে মোজাফফরভ গোল করতে পারলে ব্যবধান আরও বাড়তে পারত। কিংস অধিনায়ক তপুর ফাউলে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ডানদিকে ঝাঁপিয়ে পড়ে শট ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে কিংস। ৫০তম মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান ডরিয়েলটন (২-২)। এরপর ৮০তম মিনিটে ঘানার ডিফেন্ডার এলি কেকের ভুলে ডরিয়েলটনের বাড়ানো বল জালে জড়িয়ে যায়। সেই গোলেই হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৩-২ ব্যবধানে জয় এনে দেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এত অঘটনের পর দ্বিতীয়বার ট্রেবল জয়ে দারুণ খুশি বসুন্ধরা কিংসের কোচ বায়েজিদ আলম জোবায়ের নিপু। তার কথা, ‘আসলে এই মৌসুমটা আমরা বেশ সমস্যার মধ্য দিয়ে পার করেছি। কিন্তু ছেলেরা কখনোই আমাদের হতাশ করেনি। ট্রেবল জেতায় আমি খুব খুশি।’