শিরোপা আর্সেনালের

২২ বছরের দীর্ঘ প্রতীক্ষা, একের পর এক হৃদয়ভঙ্গ আর শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গের গল্প পেছনে ফেলে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি পুনরুদ্ধার করল আর্সেনাল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বোর্নমাউথের ড্রয়ে গাণিতিকভাবে নিশ্চিত হয়ে গেছে মিকেল আর্তেতার দলের লিগ জয়। এর ফলে ২০০৪ সালের পর এই প্রথম এবং ক্লাবের ইতিহাসে ১৪তম বারের মতো শীর্ষ স্তরের লিগ শিরোপা ঘরে তুলল উত্তর লন্ডনের ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পর তৃতীয় সর্বোচ্চ সফল ক্লাব হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করল গানার্সরা। লিগের মাত্র এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎসব শুরু হয়ে গেছে এমিরেটস স্টেডিয়ামে। গত রাতে বোর্নমাউথের বিপক্ষে পয়েন্ট হারায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এই ড্রয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনালকে ধরে ফেলা সিটির জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে পড়ে। আর তাতেই নিশ্চিত হয়ে যায় আর্তেতার শিষ্যদের রাজমুকুট।

গত ২০২২/২৩ এবং ২০২৩/২৪ টানা দুই মৌসুমে সিটির পেছনে থেকে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ওডগার্ড-সাকাদের। প্রতি বছরই তারা পয়েন্ট টেবিল, দলের গভীরতা আর ধারাবাহিকতা বাড়াচ্ছিল, কিন্তু ট্রফি ছোঁয়া হচ্ছিল না। তবে এই মৌসুমে আর কোনো ভুল করেনি গানার্সরা। ২০২২/২৩ মৌসুমে ২৪৮ দিন টেবিলের শীর্ষে থেকেও শেষ মুহূর্তে সিটির অভিজ্ঞতার কাছে হেরে গিয়েছিল তারা। গত মৌসুমেও লড়াই হয়েছিল একদম শেষ পর্যন্ত, কিন্তু মাত্র ২ পয়েন্টের জন্য ট্রফি হাতছাড়া হয়। লিগ শিরোপা নিশ্চিত করার পাশাপাশি ২০ বছর পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে আর্তেতার আর্সেনাল। আগামী ৩০ মে  পিএসজির বিপক্ষে ইউরোপা সেরা হওয়ার লড়াইয়ে নামবে তারা। ফলে এই মৌসুমে ঐতিহাসিক এক ‘ডাবল’ (লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের দারুণ সুযোগ রয়েছে গানার্সদের সামনে।