হত্যার দুই মামলায় খায়রুল হকের জামিন বহাল, মিলছে না মুক্তি

জুলাই অভ্যুত্থানের সময় হত্যার পৃথক দুই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে বহাল রয়েছে।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর চেম্বার আদালতের বিচারপতি মো. রেজাউল হক বুধবার ( ২০ মে)  ‘নো অর্ডার’ এর আদেশ দেন। 

তবে রাজধানীর যাত্রাবাড়ি ও আদালত থানার এ দুই মামলাসহ পৃথক সাত মামলায় উচ্চ আদালতে খায়রুল হকের জামিন বহাল থাকলেও যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় আইনি প্রক্রিয়া চলমান থাকায় তিনি আপাতত কারামুক্তি পাচ্ছেন না।

দুই হত্যা মামলায় গত ১২ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। খায়রুল হক বর্তমানে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

জুলাই অভ্যুত্থানের সময় হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলায় রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাসহ পাঁচ মামলায় খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন গত ২৮ এপ্রিল বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

১৯ মে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজিয়া শারমিন।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে বলেন, ১৭ মে হাইকোর্ট সুনির্দ্দিষ্ট অভিযোগ ছাড়া বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন।

তিনি বলেন, যাত্রাবাড়ি থানার যে মামলার কথা বলা হচ্ছে, সেই মামলার এজাহারে খায়রুল হকের নাম ছিল না। হাইকোর্টের আদেশের (গ্রেপ্তার বা হয়রানি না করা সংক্রান্ত) আগেরদিন ১৬ পুলিশ বলছে এ মামলার তদন্তে খায়রুল হকের নাম এসেছে। ফলে আপাতত তিনি কারামুক্ত হচ্ছে না বলে ধরে নেওয়া যায়।  

গেল বছর ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হকে গ্রেপ্তার করে পুলিশ।