দেশটির পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজধানী কিনশাসায় পূর্ব-নির্ধারিত বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। উদ্ভূত পরিস্থিতির কারণে ফুটবল দলটি তাদের পুরো প্রস্তুতি ক্যাম্প এখন বেলজিয়ামে স্থানান্তরিত করেছে। ধারণা করা হচ্ছে, এই প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই পরিস্থিতিকে "আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা" হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি স্পষ্ট করেছে যে, এটি এখনও বৈশ্বিক মহামারি (প্যান্ডেমিক) পর্যায়ে পৌঁছায়নি।
জাতীয় ফুটবল দলের মুখপাত্র জেরি কালেমো আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯৭৪ সালের পর প্রথম বিশ্বকাপ আসরে অংশ নিতে যাওয়া কঙ্গো দলের ইউরোপের প্রস্তুতি ম্যাচগুলো পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শুরুর আগে কঙ্গো আগামী ৩ জুন বেলজিয়ামে ডেনমার্কের বিরুদ্ধে এবং ৯ জুন স্পেনে চিলির বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে।
ডিআর কঙ্গো দলের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই গ্রীষ্মে বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মূলত এই প্রশিক্ষণ ক্যাম্পটি বাতিল করতে হয়েছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রতিক্রিয়ায় মার্কিন জনস্বাস্থ্য সংস্থা একটি নিয়ম জারি করেছে, যার অধীনে গত ২১ দিনের মধ্যে ডিআর কঙ্গো, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করা কোনো অ-মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
কঙ্গো দলের সব খেলোয়াড় এবং তাদের ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে আফ্রিকার বাইরে অবস্থান করছেন। ফলে দেশের ভেতরের ক্যাম্পটি বাতিল করায় তারা এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না এবং তাদের বিশ্বকাপ যাত্রায় কোনো বাধা থাকবে না।