'আমাকে সম্মান দিয়ে কথা বলুন', মেসি কেনো বলেছিলেন রেফারিকে

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় এবং ব্রিল এমবোলোর লাল কার্ড নিয়ে নীরবতা ভাঙলেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো। পর্তুগালের ‘চ্যানেল ১১’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মাঠে মেসির সাথে হওয়া ঘটনাকে বড় করে দেখার কিছু নেই এবং ফুটবল মাঠে অধিনায়ক ও খেলোয়াড়দের সাথে এমন কথোপকথন খুবই স্বাভাবিক।

কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে মেসির সাথে এক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পিনহেইরো। একপর্যায়ে মেসি তাকে স্পষ্টভাবে বলেন, 'আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সাথেই কথা বলেছি।'

ইউরোপীয় রেফারির অধীনে ইউরোপের কোনো দল (সুইজারল্যান্ড) ও দক্ষিণ আমেরিকান দল (আর্জেন্টিনা) মুখোমুখি হওয়ায় ম্যাচ শুরুর আগেই ফিফার রেফারিং কমিটি বিতর্কের মুখে পড়েছিল।

'মেসির মতো তারকাদের ক্ষেত্রে এগুলো বেশি নজরে আসে'

মেসির সাথে ঘটে যাওয়া ঘটনাটিকে ফুটবলের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে অভিহিত করে পিনহেইরো বলেন, 'মেসি বা অন্যান্য খেলোয়াড়রা মাঠে রেফারির কাজ কিছুটা কঠিন করে তোলেন ঠিকই, তবে ক্যাপ্টেনের সাথে কথা বলা ফুটবলেরই নিয়ম। এটা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা পর্তুগিজ লিগ—সব জায়গাতেই ঘটে। কিন্তু লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো বড় তারকা যুক্ত থাকলে ঘটনাগুলো একটু ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। আমরা তো সব কিছুতেই হলুদ কার্ড দেখাতে পারি না, আলোচনার মাধ্যমেও পরিস্থিতি সামাল দেওয়া যায়।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত