বগুড়ার গাবতলী উপজেলায় আব্দুল্লাহ নামে ১ বছরের শিশুকে লিচু খাওয়ানোর সময় গলায় আটকে যায়, এসময় তার মাদকাসক্ত পিতা গলা চেপে ধরলে শিশুটির মৃত্যু হয় বলে বলে জানা গেছে। এদিকে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোদবাজার এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় শিশুটির বাবার নাম রায়হান আলী। এলাকায় তাকে মাদকাসক্ত হিসেবে সবাই জানেন।
শিশু আব্দুল্লাহর স্বজনদের অভিযোগ, তার পিতা রায়হান মাদকাসক্ত হওয়ায় তাকে গলা টিপে হত্যা করেছে।
বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের মেম্বার জহুরুল মন্ডল বলেন, এলাকায় শুনলাম রায়হান বাচ্চাটিকে বাজারে নিয়ে আসে। নিয়ে আসার পর শিশুটিকে মৌসুমী ফল লিচু খাওয়ানোর চেষ্টা করেন। লিচু খাওয়ার সময় শিশুটির গলায় আটকে যায়। রায়হান লিচু গলা থেকে নামানোর জন্য গলায় টিপ দেয়। এসময় শিশুটি মারা যায়। রায়হান একজন মাদকাসক্ত যুবক, যা এলাকার সবাই জানে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা অভিযোগ করছেন তার মাদকাসক্ত পিতা তাকে গলাটিপে হত্যা করেছে। ময়নাতদন্ত করলে শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।