মিরপুরে রামিসার বাসায় যাচ্ছেন তারেক রহমান

শিশু রামিসার মিরপুরের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ৯টার পর সরকারপ্রধানের শিশু রামিসার পল্লবীর বাসায় যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১১ নম্বর সেকশনের, 'বি' ব্লকের, ৭ নম্বর সড়কের, ৩৯ নম্বর বাড়ির তিনতলার উত্তর পাশের ফ্ল্যাটে রামিসার বাবা-মা সাথে সাক্ষাতে করতে যাবেন।

প্রেস উইং জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে রাতেই শিশু রামিসার পল্লবীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। ইতোমধ্যে নানা মহল থেকে নৃশংস এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে। 

বর্বরোচিত এ ঘটনায় জড়িত অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতে বৃহস্পতিবার সকালে পল্লবী থানা ঘেরাও ছাড়াও রাতে কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

‎বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।