বিনা ভোটে বিসিবি পরিচালক হচ্ছেন সিরাজউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে ২৩ পদের বিপরীতে ৪০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী গত দুই দিনে জেলা-বিভাগ ক্যাটাগরিতে ১১টি পরিচালক পদের জন্য বিক্রি হয় ১৯টি মনোনয়নপত্র। ঢাকার ক্লাব ক্যাটাগরির ১২টি পরিচালক পদের জন্য সমানসংখ্যক, অর্থাৎ ১৯ জন মনোনয়নপত্র কেনেন। এছাড়া তিন নম্বর ক্যাটাগরিতে থাকা বিভিন্ন সংস্থার মধ্যে দুটি মনোনয়নপত্র বিক্রি হয়। কিন্তু এর মধ্যে একটি বাতিল হয়ে গেছে।

গঠনতন্ত্র অনুযায়ী, সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কোনো প্রতিনিধি বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই নিয়ম না মেনে গত বুধবার মনোনয়নপত্র তোলেন কোয়াবের প্রতিনিধি জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুত। পরে এটি বাতিল হয়ে যায়। তাই ৭ জুনের ভোটের আগেই এই বিভাগ থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

তবে এখনই এই প্রার্থীকে জয়ী ঘোষণা করতে চান না রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক। গতকাল মনোনয়নপত্র বিতরণ শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এটা (নাম) বলছি না। কারণ, এটা এখনো আনুষ্ঠানিকভাবে হয়নি। যাচাই-বাছাই হবে। এটা (জয়ী বলা) আমার জন্য সঠিক সময় নয়।’

গতকাল সব মিলিয়ে ২৩টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরিতে ৮টি, ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১৪টি এবং তিন নম্বর ক্যাটাগরিতে একটি ফরম জমা পড়ে। নির্বাচনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা জানান, ক্লাব ক্যাটাগরির মধ্যে সাবেক তিন পরিচালক ফাহিম সিনহা, শানিয়ান তানিম ও আমজাদ হোসেনের সঙ্গে লুৎফর রহমান বাদল মনোনয়নপত্র তুললেও তা জমা দেননি। অবশ্য আজ জমা দেওয়ার সুযোগ আছে তাদের।