এই ঈদে

অধরার ‘আদুরে দুপুর’

ঈদে আসছে গীতিকবি অধরা জাহানের ভিন্ন স্বাদের গান ‘আদুরে দুপুর’। মূলত এই প্রকল্পটির সঙ্গে জড়িয়ে আছেন আরও দুই প্রবাসী শিল্পী। অধরা  ঢাকায়, রোমেল নিউজিল্যান্ডে এবং  মরিয়ম মারিয়া আমেরিকায়। গানটি নিয়ে অধরা বলেন, আমার প্রতিটি গানে আমি সুরের বিষয়ে অনেক খুঁতখুঁতে থাকি। যতক্ষণ আমার লেখার সঙ্গে সুরের বন্ধনটা পুরোপুরি না মনে হয় ততক্ষণ আমি আমার কোনো লেখা কনফার্ম করি না। এই কাজটি করতে গিয়ে আমি মুগ্ধ হয়েছি। কারণ রোমেল ভাইয়ের সঙ্গে আমার এর আগে কাজ হয়নি। সামনে বসে থেকেও গানটা নিয়ে ভাবার উপায় ছিল না। কিন্তু মারিয়া আপুর পাঠানো ডেমো দেখে রীতিমতো আমি মুগ্ধ। আমার গানের কথাগুলোর সঙ্গে যে সুর সংগীত দরকার ছিল, সেটাই করেছেন রোমেল ভাইয়া। আর মারিয়া আপু অনেক আগে থেকেই আমার খুব পছন্দের একজন শিল্পী। প্রবাসে থেকেও সে যেভাবে প্রতিনিয়ত গানকে আঁকড়ে বাঁচে সেটা অনন্য। এই বিষয়টা আমাকে সব সময় মুগ্ধ করে। আমাদের তিনজনের এক সঙ্গে এটা প্রথম কাজ। স্রোতারা আমাদের নতুন এই জুটির কাজ পছন্দ করলে ভালোবাসা দিলে, আমরা তিনজন তিন দেশে থেকেও আরও নতুন নতুন কাজ উপহার দিতে চাই।

পাল্লু বিল্লুর বিয়ে

ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়ে নির্মিত হলো ‘পাল্লু বিল্লুর বিয়ে’ নামের বিশেষ নাটক। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটির পরিচালক সাগর জাহান। নির্মাতা জানান, এটি মূলত দাম্পত্য জীবনের শুরু নিয়ে ভিন্ন এক প্রেমের গল্প। যাতে কেয়া পায়েলকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায় কথা বলতে। থাকছে পুরান ঢাকার জীবনের ছায়া। ‘পাল্লু বিল্লুর বিয়ে’তে আরও অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, মিলি বাশার, আজম খান, মাসুদ হারুন, দিশা ইসলাম, বাপ্পী আশরাফ প্রমুখ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘পাল্লু বিল্লুর বিয়ে’ মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে ঈদের বিশেষ উপহার হিসেবে।