শোবিজ জগতের অন্যতম চর্চিত মুখ পরীমনি সামাজিক মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে বর্তমানে ফেসবুক পেজে দেশের সর্বোচ্চ অনুসারীর মালিক এখন তিনি।
চলতি সপ্তাহে দুই তারকার অফিশিয়াল পেজের হালনাগাদ তথ্য অনুযায়ী, পরীমনির বর্তমান অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিবের পেজে অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের ঘরে। ফলে প্রায় ১০ লাখের স্পষ্ট ব্যবধানে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেছনে ফেললেন পরীমনি। এর আগেও এই দুই তারকার মধ্যে অনুসারী সংখ্যার লড়াই দেখা গেছে এবং মাঝে কিছুদিন সাকিব শীর্ষে ছিলেন। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে সেই অবস্থান পুনরুদ্ধার করে বড় ব্যবধানে এগিয়ে গেলেন এই অভিনেত্রী।
বিপুলসংখ্যক ভক্ত তাদের অনুসরণ করলেও নিজেদের অনুসারী তালিকার ক্ষেত্রে দুজন ভিন্ন নীতি বজায় রেখেছেন। সাকিবের পেজ থেকে মাত্র ছয়টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়, যার মধ্যে লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এ ছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের পেজ।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে ৭টি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও তা ‘প্রাইভেসি সেটিং’ দিয়ে গোপন রাখা হয়েছে। মাঠ ও অভিনয়ের বাইরে নানা ঘটনার কারণে দীর্ঘদিন ধরেই দুজনই সংবাদ শিরোনামে থাকেন, যার প্রতিফলন সামাজিক মাধ্যমের অনুসারীর পরিসংখ্যানেও।
