লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর বেশ ফুরফুরে মেজাজেই কাজ করতে দেখা গেছে মৌসুমী হামিদকে। বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে খুব সহজেই কুড়িয়েছেন দর্শকের ভালেবাসা। ছোট পর্দায় তার চাহিদার কারণে একসময় ডাক পড়ে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রেও। বেশ কয়েকটি সিনেমাতে অভিনয়ও করেন বেশ সাহসিকতার সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে বিয়ে করে সংসার শুরু করে অভিনয় থেকে আরও দূরে সরে যান। তবে সেই বিয়ে বেশিদিন স্থায়ী না হওয়ায় আবার অভিনয়ে কাজ শুরু করেন মৌসুমী।
কাজের ধারাহিকতায় আসন্ন ঈদুল আজহায় ছোট পর্দার দর্শকের জন্য নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছেন এই লাক্সকন্যা। নাট্যনির্মাতা সকাল আহমেদের পরিচালনায় মৌসুমী অভিনয় করেছেন ‘লাভ স্টেশন’ নামের সাত পর্বের একটি ধারাবাহিক নাটকে। এখানে তাকে দেখা যাবে একজন ভীষণ অভিমানী মেয়ের চরিত্রে। নাটকে তার বিপরীতে সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গুণী এ অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘চঞ্চল ভাই অত্যন্ত বড় মাপের একজন গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করলে সেটের পরিবেশটাই বদলে যায়। অনেক কিছু শেখার পাশাপাশি দারুণ আনন্দঘন পরিবেশে কাজ করা যায়।’
দীর্ঘ দেড় দশকের এ শিল্পীজীবন নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘শিল্পীর জীবন আমার খুবই ভালো লাগে। এ পেশায় সাধারণ মানুষের যে নিঃস্বার্থ ভালোবাসা ও সম্মান পাওয়া যায়, তা আমাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। অভিনয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরার যে চমৎকার অভিজ্ঞতা হচ্ছে, তা আমি দারুণ উপভোগ করছি।’
অভিনয়ের বৈচিত্র্য নিয়ে মৌসুমীর ভাষ্য, ‘প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন জীবনের সঙ্গে মিশে যাওয়া, সেই চরিত্রটা হয়ে ওঠা। যারা অভিনয় করেন, তারা দর্শকদের কাছে একেকটি চরিত্র হয়ে ওঠেন। কখনো বোবা মেয়ে, কখনো রাগী, আবার কখনো ভালো মেয়ে কত রকম চরিত্রে যে আমাদের অভিনয় করতে হয়! একজন শিল্পীকে পর্দায় যা নয়, তা-ই হয়ে উঠতে হয়।