রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

তিন দশক আগের এক ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এই মামলার ঘোষণা দেওয়া হয়। ১৯৯৬ সালে প্রবাসী কিউবানদের মায়ামি-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’-এর দুটি উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোসহ আরও পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনে বিচার বিভাগ। ‘ব্রাদার্স টু দ্য রেসকিউ’ সংগঠনের কাজ ছিল নিয়মিত ফ্লাইট পরিচালনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চাওয়া কিউবানদের খুঁজে বের করে তাদের সহায়তা করা। ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রো ওই সময় কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং বিমান ভূপাতিত করার ওই ঘটনার পর তিনি আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দার মুখে পড়েছিলেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ ঘোষণা করেন যে বিমান ধ্বংসের পাশাপাশি আরমান্দো আলেহান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কস্তা, মারিও ম্যানুয়েল দে লা পেনা এবং পাবলো মোরালেসের মৃত্যুর ঘটনায় কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার চারটি পৃথক অভিযোগ আনা হবে। যুক্তরাষ্ট্রের আদালতেই এই অভিযোগগুলোর ওপর যুক্তি-তর্ক হবে এবং কোনো কোনো ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।