টাঙ্গাইল জেলায় ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে একজন মারা গেছেন।
শুক্রবার (২২ মে) সকাল ৯টায় উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে।
এলাকাবাসী ও প্রত্যেক্ষ্যদর্শীরা জানায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে কামাল বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে ডোবায় চায়না জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় ডোবার উপর দিয়ে টানানো সেচ পাম্পের বিদ্যুতের থ্রি-ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পরে থাকায় পানি বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল নামে একজন মারা গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।