নড়াইলে মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল তোলা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বণিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) আদায় নিয়ে একই মহল্লার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। আলোচনা চলাকালে মতানৈক্য সৃষ্টি হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আলম গ্রুপের ৮ জন এবং মেজবাহ গ্রুপের ৪ জন রয়েছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।