শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই : সাঈদ আল নোমান

চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘সামার ২০২৬’ সেশনের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল শুক্রবার (২২ মে) ক্যাম্পাস প্রাঙ্গনে এ আয়োজনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও এক হাজার নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
 
বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী ও চার শতাধিক অভিভাবকের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি। 
 
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
 
তিনি আরও বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সামার ২০২৬ সেশনের নতুন শিক্ষার্থীদের তিনি ক্যাম্পাসে স্বাগত জানান এবং একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে সমানভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।
 
সাঈদ আল নোমান তার বক্তব্যের শুরুতে রামিসার অকাল ও মর্মান্তিক বিদায়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সবাইকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
 
এ সময় তিনি বলেন, রামিসার এই চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. সেকান্দার খান, ইকোটেক্স লিমিটেডের পরিচালক (এইচআর) শাফায়েত কবির চৌধুরি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরি এবং মেজর রেজাউল করিম (অব.)।