আইআইইউসির ৬ষ্ঠ সমাবর্তন শনিবার, ডিগ্রী পাচ্ছেন ৮ হাজার শিক্ষার্থী 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ৬ষ্ঠ সমাবর্তনে ৭ হাজার ৯৪৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবর্তনের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান তুলে ধরেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।

তিনি জানান, এবারের সমাবর্তনে ১৩ জন চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৫১ জন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আইআইইউসি এ পর্যন্ত মোট ৪৫ হাজারের বেশি গ্র্যাজুয়েট তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, Scopus, Web of Science, THE, QS, SCImago ও Webometrics Ranking ২০২৫ অনুযায়ী আইআইইউসি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। SCImago Ranking ২০২৫ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩য় এবং সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে আইআইইউসিতে ৬টি অনুষদের অধীনে ১৫টি বিভাগে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইইউসির ১৫টি আন্তর্জাতিক সমঝোতা চুক্তি (MoU) রয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, চীন, সোমালিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করছেন।

গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ে আধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সুবিধা, সমৃদ্ধ লাইব্রেরি এবং গবেষণার জন্য পৃথক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (CRP) রয়েছে, যার বার্ষিক বাজেট এক কোটি টাকার বেশি।

তিনি আরও বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আইআইইউসিতে প্রতিবছর প্রায় ৭ কোটি টাকার বেশি বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও জাতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ডিন প্রফেসর ড. মাইদুল আহসান খান, ডিন প্রফেসর মো. সাইফুল আলম, ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাসেম পিএসসি (অব.) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত