আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মাঠের লড়াই গড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ চলাকালীন বিরাট কোহলি ও ট্রেভিস হেডের মধ্যকার স্লেজিংয়ের জের ধরে ম্যাচ শেষে হ্যান্ডশেক বর্জন করেছেন কোহলি।
হায়দরাবাদের দেওয়া ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিজে থাকার সময় বিরাট কোহলিকে আক্রমণাত্মক শট খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন এসআরএইচ-এর ওপেনার ট্রেভিস হেড। মাঠের স্লেজিংয়ে কখনোই পিছিয়ে না থাকা কোহলিও এর জবাব দেন ভিন্নভাবে। হেড সানরাইজার্সের হয়ে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলছেন উল্লেখ করে কোহলি হাত দিয়ে ইমপ্যাক্ট সাবস্টিটিউশনের ইশারা করেন। একই সাথে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় কথা না শুনিয়ে হেডকে নিজে এসে বল করার জন্য কটাক্ষ করেন কোহলি।
ম্যাচ চলাকালীন ধারাভাষ্যের দায়িত্বে থাকা ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান ঘটনার বিবরণ দিয়ে বলেন: "বিরাট কোহলি মূলত ট্রেভিস হেডকে অফ-স্পিন বল করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কোহলি তাকে বলেন যে সে তো সবসময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবেই মাঠের বাইরে চলে যায়। মাঠের ভেতরে দুজনের এই হালকা কথা কাটাকাটির সূত্র ধরেই কোহলি তাকে বল করার চ্যালেঞ্জ ছুড়ে দেন।"
কোহলি আউট হওয়ার পর অবশ্য ম্যাচের পরবর্তী সময়ে হেড এক ওভার বল করেছিলেন এবং আরসিবি অধিনায়ক রজত পাতিদারের গুরুত্বপূর্ণ উইকেটটিও তুলে নেন, যার ফলে আরসিবির জয়ের আশাও ওখানেই শেষ হয়ে যায়।
ম্যাচটিতে সানরাইজার্স হায়দরাবাদ ৫৫ রানের বড় ব্যবধানে জয়লাভ করার পর প্রথানুযায়ী দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে হ্যান্ডশেক করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেড মাঠের তিক্ততা ভুলে কোহলির দিকে হাত বাড়িয়ে দিলেও কোহলি তাকে সম্পূর্ণ উপেক্ষা করে সোজা হেঁটে চলে যান এবং হেডের সাথে কোনো প্রকার চোখাচোখি বা হ্যান্ডশেক করেননি। অজি তারকা কিছুক্ষণ কোহলির সামনে দাঁড়িয়ে থেকে পরে এগিয়ে যান। কোহলি ঠিক কেন এমন কাণ্ড করলেন তা অফিশিয়ালি জানা না গেলেও গোটা ম্যাচ জুড়েই দু’পক্ষের মধ্যে এক চরম উত্তাপ ছিল। এর আগে হেড আউট হওয়ার পর কোহলিকে বেশ আগ্রাসী সেলিব্রেশন করতেও দেখা গিয়েছিল।
তবে হেডের সাথে হ্যান্ডশেক না করলেও, তাঁর ঠিক পেছনেই থাকা এসআরএইচ অধিনায়ক প্যাট কামিন্স, ওপেনার অভিষেক শর্মা এবং ঈশান কিষানসহ বাকি খেলোয়াড় ও স্টাফদের সাথে বেশ উষ্ণভাবেই হ্যান্ডশেক করেন কোহলি।
এদিকে ৫৫ রানের এই বড় ব্যবধানে হারলেও পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে আইপিএল ২০২৬-এর প্লে-অফে সেরা দুইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।