রোনালদোর পর মেসিও বিলিয়নিয়ার ক্লাবে

আপডেট : ২৩ মে ২০২৬, ১১:৫০ এএম

ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে ব্যবসায়িক জগতেও এক অনন্য উচ্চতায় পৌঁছালেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তাঁর ব্যবসায়িক পরিধি এতটাই বেড়েছে যে, বিশ্বখ্যাত অর্থনৈতিক সংবাদমাধ্যম 'ব্লুমবার্গ'-এর ধনকুবেরদের সূচক অনুযায়ী মেসির মোট সম্পদ বা নেট ওয়ার্থ ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে ক্রীড়া জগতের হাতেগোনা কয়েকজন বিলিয়নিয়ারের ক্লাবে প্রবেশ করলেন তিনি। ফুটবলারদের মধ্যে তাঁর আগে একমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো এই তালিকায় ছিলেন।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামির চড়া বেতন, অ্যাপল টিভির সম্প্রচার স্বত্বের লভ্যাংশ, রিয়েল এস্টেট বা আবাসন খাতের বিনিয়োগ এবং আর্জেন্টিনার একটি রেস্তোরাঁ চেইনের মালিকানার সমন্বয়ে মেসি এই বিশাল আর্থিক লাফ দিয়েছেন। এছাড়া সম্প্রতি কাতালুনিয়ার পঞ্চম বিভাগের ফুটবল ক্লাব 'ইউই করনেলা' কিনেছেন তিনি। এটিসহ বর্তমানে মোট ৪টি ফুটবল ক্লাবে মেসির সরাসরি মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে। বাকি তিনটি হলো লুইস সুয়ারেজের সাথে যৌথ মালিকানাধীন 'দেপোর্তিভো এলএসএম', 'লিওনেস ডি রোজারিও' এবং খোদ 'ইন্টার মায়ামি'।

মেসি সৌদি আরবের একটি ক্লাবের আকাশচুম্বী প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিতে যোগ দিলেও বেতন ও স্পনসরশিপের চতুর চুক্তির কারণে দ্রুতই বিলিয়নিয়ার স্ট্যাটাস অর্জন করেছেন।

ইন্টার মায়ামির প্রতিষ্ঠাতা হোর্হে মাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ফুটবল ক্যারিয়ার শেষে মেসি এই ক্লাবের পূর্ণ অংশীদার বা পার্টনার হবেন, যা চুক্তি করার সময়ই মেসিকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। মেসির আসার পর ইন্টার মায়ামির ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১.৪৫ বিলিয়ন ডলারে, যা আমেরিকার ইতিহাসে যেকোনো ফুটবল ক্লাবের জন্য সর্বোচ্চ এবং বিশ্বজুড়ে ১৬তম।

যুক্তরাষ্ট্রের ফুটবলারদের অ্যাসোসিয়েশনের  ২০২৬ সালের বেতন নির্দেশিকা অনুযায়ী, ইন্টার মায়ামি থেকে মেসির বার্ষিক নিশ্চিত আয় (গ্যারান্টিড কমপেনসেশন) প্রায় ২ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ডলার, যার মধ্যে মূল বেতনই ২৫ মিলিয়ন ডলার। এর বাইরে অ্যাপল টিভি প্লাসের 'এমএলএস সিজন পাস' সাবস্ক্রিপশন থেকে আয়ের একটি বড় অংশ সরাসরি মেসির পকেটে যায়। হোর্হে মাস জানিয়েছেন, মেসি আসার পর এই স্ট্রিমিং সার্ভিসের চাহিদা দ্বিগুণ হয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত