কুড়িগ্রামে মহানবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ। এর আগে একইদিন দুপুর আড়াইটার দিকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,অভিযুক্ত মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে।