যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের উপকূলের কাছে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল হাওয়াইয়ের হোনাউনাউ-নাপুপু এলাকার দক্ষিণ-পূর্বে প্রায় ৩ দশমিক ৭ মাইল দূরে, মাউনা লোয়ার পশ্চিমাংশে।
ভূমিকম্পের ফলে দ্বীপপুঞ্জজুড়ে তীব্র কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পে মাউনা লোয়া বা কিলাউইয়া আগ্নেয়গিরির ওপর কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি।