ভুল করলে সাধারণ জনগণ কাউকেই ক্ষমা করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের মানুষ সহজ-সরল নেই। তারা সবকিছু বোঝেন, সবকিছু জানেন। তারা কাউকে ক্ষমাও করে না।
শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমাদের যে ছেলেরা রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, বাংলাদেশকে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে, তাদের সেই রক্তের ধারাকে যেন আমরা কখনোই ম্লান হতে না দিই। আমাদের কারণে কখনো যেন তা ক্ষতিগ্রস্ত না হয়।
প্রকৌশলীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, জনগণের প্রত্যাশা আপনাদের প্রতি অনেক বেশি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের আরও সক্রিয়, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে। জনগণ প্রত্যাশা করে, আপনাদের পরিকল্পনা ও কাজ যেন জনশক্তির কাজে লাগে। নিঃসন্দেহে আপনারা বাংলাদেশের অগ্রগতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন।
পূর্ববর্তী সরকারের সমালোচনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুর জেলায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। সেটা এলজিইডি ডিপার্টমেন্ট থেকেই হয়েছে। এ বিষয়গুলোর দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দৃষ্টি দেবেন।
নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজকে নতুন যে সূর্যোদয় হয়েছে, আসুন আমরা সবাই সেই সূর্যোদয়ের আলোয় আলোকিত হই। বাংলাদেশের জন্য একটা নতুন দিগন্ত সৃষ্টি করি, যাতে আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আইইবির সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী। আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান।
আইইবি প্রেসিডেন্ট মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু তার সভাপতির বক্তব্যে বলেন, আইইবি প্রকৌশলীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠান দল-মত নির্বিশেষে সব প্রকৌশলীকে একত্রিত করে দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।