বগুড়ায় ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

বগুড়া শহরে তিনমাথা রেলগেট এলাকায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন কর্মরত ও একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য রয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি’র ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।

আটকরা হলেন- জয়পুরহাটে এসএএফ-এ কর্মরত সাইদুর রহমান (৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।

ডিবি ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার বলেন, ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজনের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।