মাদারীপুরে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদ থেকে সুহিন সরদার (২৫) নামে এক ইজিবাইক চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় কালকিনি উপজেলার সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত সুহিন সরদার সাহেবরামপুর গ্রামের দুলাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বোনের বাড়িতে খাবার খেয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সুহিন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার নদীতে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’