সিলেটে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম

সিলেটে একই দিনে পৃথক সহিংসতার ঘটনায় দুজন মারা গেছেন। নগরের কাজিরবাজার ব্রিজে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র এবং সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নগরের কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে দক্ষিণ সুরমায় ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় রিফাত আহমদ (১৫)।

রিফাত খাসদবির দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন এলাকার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে ও দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। একই ঘটনায় রিফাতের সঙ্গে থাকা আরও তিন কিশোর সহপাঠী রবিউল হাসান (১৬), সাব্বির (১৬) ও সামিউল (১৬) গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ঘটনাটি দক্ষিণ সুরমা থানা সীমানার অধীন হওয়ায় সেখানকার পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জানান, পুরো বিষয় নিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

একইদিনে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বিরোধপূর্ণ বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী মরব্বির আলীর পরিবারের লোকজনের দেশিয় অস্ত্রের হামলায় গুরুতর আহত হন মো. আব্দুল্লাহ (২৫)। রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তিনি আব্দুল্লাহ স্থানীয় ফারুক আহমদ বদুলার ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল্লাহর মৃত্যু হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব জানান, পূর্ববিরোধের জেরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ না পেলেও ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের জোর অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত