ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়তে যাচ্ছে । এ বিষয়ে দুপক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
মধ্যস্থতাকারীদের বরাতে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে শনিবার (২৩ মে) এ তথ্য জানানো হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন মধ্যস্থতাকারীরা। একই সঙ্গে আলোচনায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি কাঠামোও নির্ধারণ করা হতে পারে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সম্ভাব্য চুক্তির আওতায় ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হ্রাস বা অন্যত্র স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।
এদিকে, দ্য ইসরায়েল টাইমস বলছে, চুক্তিতে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো বিভিন্ন শর্ত ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা চলছে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে।
সম্ভাব্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকছে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি।