শাকিরার 'দাই দাই' থিম সংয়ে মেসিরা বললেন, 'উই আর রেডি'

ফিফা বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিতে মুক্তি পেল অফিসিয়াল থিম সং 'দাই দাই' এর মিউজিক ভিডিও। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা এবং আফ্রিকান গায়ক বার্না বয়ের এই যৌথ ট্র্যাকটি শনিবার (২৩ মে) বিশ্বব্যাপী প্রকাশ করা হয়েছে। চার মিনিটের এই জমকালো মিউজিক ভিডিওতে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বকাপজয়ী তারকাদের উপস্থিতি ফুটবল ও সঙ্গীতপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

হ্যানা লাক্স ডেভিস পরিচালিত এবং মিয়ামিতে চিত্রায়িত এই ভিডিওর শুরুতেই দেখা যায় ফুটবল বিশ্বের অন্যতম সেরা তিন তারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড মাঠে প্রবেশ করছেন। শাকিরার সুরের মূর্ছনায় মেতে ওঠার আগে তারা প্রত্যেকেই একসাথে বলে ওঠেন— "উই আর রেডি" (আমরা প্রস্তুত)।

ভিডিওর শুরুতে শাকিরাকে মেক্সিকো সিটির ঐতিহাসিক 'অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স' স্মৃতিস্তম্ভের চূড়ায় দেখা যায়। এরপর একটি মরুভূমির পটভূমিতে আফ্রিকান শিশুদের সাথে তার চিরচেনা সিগনেচার ড্যান্স স্টেপ নজর কেড়েছে সবার। গানের একপর্যায়ে শাকিরা একটি বিশাল প্রদীপ্ত গ্লোব বা পৃথিবীর ওপর দাঁড়িয়ে পারফর্ম করেন, যেখানে তার চারপাশে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দেশগুলোর পতাকা পরিহিত নারী নৃত্যশিল্পীরা উপস্থিত ছিলেন।

ফুটবল কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা এবং 'ওয়াকা ওয়াকা'র স্মৃতি

ভিডিওর শেষ অংশে বিশ্বকাপের পুরোনো কিছু ঐতিহাসিক মুহূর্তের আর্কাইভ ক্লিপ ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে শাকিরা গানের মাধ্যমে ফুটবলের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা, পাওলো মালদিনি, রোমারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, কাকা এবং লিওনেল মেসির মতো কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও নেদারল্যান্ডসের নামও গানে উচ্চারণ করা হয়েছে।

ফাইনালের মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও বিটিএস

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকাতে পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (টুর্নামেন্ট চলাকালীন নাম 'নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম') ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই মহাযজ্ঞের।

বিলবোর্ডের রিপোর্ট অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালের ফাইনাল হাফটাইম শোতে সহ-অভিনেতা বা হেডলাইনার হিসেবে পারফর্ম করবেন শাকিরা। আর সেই মেগা মঞ্চে তার সাথে যোগ দেবেন পপ কুইন ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ান বিশ্বখ্যাত বয়ব্যান্ড বিটিএস।