নিজেকে ‘যিশুর অবতার’ দাবি করা যুবকের করুণ পরিণতি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণের নাম নাসির বেস্ট (২১)। তিনি মেরিল্যান্ডের বাসিন্দা ছিলেন। নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করা এই তরুণ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। রবিবার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে (চেকপয়েন্ট) এই ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রবিবার ভোরে নাসির বেস্ট হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকির কাছে এসে হঠাৎ নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিক ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে দায়িত্বরত সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালান। এতে নাসির গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই গোলাগুলির ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, নাসির বেস্ট দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। এর আগেও, তিনি একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় অনধিকারপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। গত বছর একই ধরনের একটি ঘটনার পর তিনি পুলিশকে জানিয়েছিলেন, তিনি নিজেকে যিশু খ্রিস্টের আধুনিক রূপ মনে করেন এবং ইচ্ছা করেই ধরা দিয়েছেন। পরবর্তীকালে আদালতের পক্ষ থেকে তার হোয়াইট হাউস এলাকায় আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই আদেশ অমান্য করেই তিনি রবিবার ভোরে সেখানে যান।

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, প্রেসিডেন্ট সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন। মাত্র এক মাস আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর একটি হত্যাচেষ্টা চালানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবারের এই হামলার পর হোয়াইট হাউস ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।