ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের প্রচণ্ড ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক ও চার যাত্রী প্রাণ হারান।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে এবং অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)। বাকি চারজন মাদারীপুর সদরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার স্ত্রী মাজেদা আক্তার (৪৮), আলমগীর হোসেন মোল্লা (৫৮) এবং খুরশিদা বেগম (৪৫)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান জোরদার করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন মারা গেছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে এবং মরদেহগুলো উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।