ফরাসি নিষেধাজ্ঞার মুখে ইসরায়েলি মন্ত্রী

ফ্রান্স শনিবার (২৩ মে) ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। গাজামুখী ত্রাণবাহী নৌবহরে আটক ইউরোপীয় ও ফরাসি কর্মীদের নিয়ে করা একটি ভিডিওতে তার মন্তব্য ও আচরণকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে এএফপি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।

তিনি আরও জানান, ইতালির সঙ্গে সমন্বয় করে তারা ইউরোপীয় ইউনিয়ন পর্যায়েও বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছেন।

এই সিদ্ধান্তকে ঘিরে ইউরোপীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে গাজা ইস্যুতে ইসরায়েলের নীতির সমালোচনা ও মানবিক সহায়তা কার্যক্রমকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে।