ছেলের ধৈর্য ও অধ্যবসায়ে গর্বিত বাবা শচীন টেন্ডুলকার

আইপিএল মৌসুমে লখনৌ সুপার জায়ান্টসের জার্সিতে একদম শেষ ম্যাচে এসে অভিষেকের সুযোগ পেলেন বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকার। দল পাঞ্জাব কিংসের কাছে ৭ উইকেটে হেরে গেলেও, নিজের প্রথম ম্যাচেই ক্রিকেটীয় স্কিল ও নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কেড়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। আর ছেলের এই অপেক্ষার অবসান এবং মাঠের লড়াকু মানসিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন কিংবদন্তি বাবা শচীন টেন্ডুলকার।

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মেন্টর শচীনের অধীনে পর্যাপ্ত সুযোগ না পেয়ে লখনৌ পাড়ি জমিয়েছিলেন অর্জুন। তবে পুরো মৌসুম তাকে বেঞ্চে বসেই অপেক্ষা করতে হয়েছে। অবশেষে শনিবার পাঞ্জাবের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি উইকেট নেন অর্জুন, যেখানে তার নিখুঁত ইয়র্কারে পরাস্ত হন ৬৯ রান করা পাঞ্জাবের ওপেনার প্রভসিমরান সিং।

শচীন টেন্ডুলকার অর্জুনের পারফরম্যান্সের চেয়ে তার মানসিকতা ও অধ্যবসায়কে বড় করে দেখেন। তিনি লেখেন, 'ওয়েল ডান অর্জুন...। এই মৌসুমে তুমি যেভাবে নিজেকে এগিয়ে নিয়েছো, সেজন্য আমি গর্বিত। সবসময় নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখেছো, ধৈর্য ধরেছো, নীরবে কঠোর পরিশ্রম করেছো এবং একেবারে শেষ ম্যাচ পর্যন্ত সুযোগের জন্য অপেক্ষা করতে হলেও ইতিবাচক থেকেছো। দক্ষতা ও ধৈর্যের এই পরীক্ষায় তুমি আজ চমৎকার করেছো।'

ছোট ভাইয়ের এই লড়াকু মানসিকতায় গর্ব প্রকাশ করে বোন সারা টেন্ডুলকারও সামাজিক মাধ্যমে লিখেছেন, "গোটা পৃথিবীটা তোমার প্রাপ্য, আমার ছোট্ট ভাই! তোমার কঠোর পরিশ্রম এবং চাপ সামলানোর ক্ষমতা দেখে আমি ভীষণ গর্বিত।

অর্জুন টেন্ডুলকারের পারফরম্যান্স এবং মাঠের ভেতরের চরিত্র নিয়ে বড় কথা বলেছেন ভারতের স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন। বিখ্যাত বাবার সন্তান হওয়ার কারণে অর্জুনকে যে প্রতিনিয়ত বাড়তি মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়, তা মনে করিয়ে দিয়ে অশ্বিন বলেন:

'তার পথচলাটা মোটেও সহজ নয়, কারণ তাকে সবসময় তার বাবার (শচীন) সঙ্গে তুলনা করা হবে। তবে আমি তার স্কিল নিয়ে কথা বলব না, তার দুটো গুণের কথা বলব— সে অত্যন্ত পরিশ্রমী এবং কোনো লড়াই থেকে পিছু হটে না। চার বা ছক্কা খাওয়ার পরেও সে যেভাবে অগ্নিদৃষ্টি নিয়ে ঘুরে দাঁড়াতে চায়, সেই মানসিকতার জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে।'

পাশাপাশি প্রভসিমরানকে আউট করা সেই রিভার্স ইয়র্কার এবং এর আগের বাউন্সারটির প্রশংসা করে অশ্বিন অর্জুনের ক্রিকেটীয় বুদ্ধিমত্তাকে সাধুবাদ জানান।