কুমিল্লার লাকসামে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী আবদুল রশিদ নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি ঘটনাটি ‘মীমাংসা’র নামে ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
শনিবার (২৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি।
স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার অত্যন্ত দরিদ্র। ঘটনার দিন দুপুরে শিশুটির মা-বাবা উভয়েই কাজে ছিলেন। এই সুযোগে ঘরে ঢুকে শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন অভিযুক্ত রশিদ। এমন সময় হঠাৎ শিশুটির মা ঘরে ফিরে আসলে রশিদ দ্রুত পালিয়ে যান। সন্ধ্যায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করেন। তবে পরিবার শিশুটিকে সেখানে না নিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকে স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ রাজনৈতিক প্রভাবশালীরা শিশুটির পরিবারকে মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। ‘যদি আমরা সঠিক বিচার না করতে পারি, তাহলে আপনারা থানায় যাবেন’এ মর্মে আশ্বাস দিয়ে পরিবারকে থানা-পুলিশের বাইরে রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে জানতে চাইলে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়েই আমরা এসে যাবতীয় ব্যবস্থা নিয়েছি। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডাক্তার বলেছে শিশুটির সঙ্গে কিছু হয়নি, আপনারা নিশ্চিন্তে বাসায় যেতে পারেন। শুধু মেয়েটির হাতের মধ্যে একটি কামড় দিয়েছে। আমরা শিশুটির পরিবারকে আশ্বাস দিয়েছি, সুষ্ঠু বিচার করে দেবো। শিশুটির পরিবার আমাদের কথায় একমত আছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারকে মামলা দেওয়ার জন্য বলেছি। তারা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।