কুমিল্লায় মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে মাদরাসার হিফজ বিভাগের ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (বলাৎকার চেষ্টা) অভিযোগে বেলাল হোসেন নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার রায়কোট গাঙেরপাড় দারুসুন্নাহ এতিমখানা ও মাদরাসা থেকে এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার বেলাল হোসেন ফেনীর দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাদরাসার হিফজ বিভাগে শিক্ষকতা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে মাদরাসার কক্ষে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে ছিল ওই শিশু। এ সময় শিক্ষক বেলাল হোসেন ঘুমন্ত শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটি টের পেয়ে বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক তাকে ছেড়ে দেন।

সকালে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি বিস্তারিত জানায়। ঘটনাটি জানাজানি হলে স্বজন ও স্থানীয় বাসিন্দারা মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশু জানায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে অন্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। ভোররাতে হঠাৎ শরীরে কারো স্পর্শ পেয়ে চোখ খুলে দেখি শিক্ষক আমার সঙ্গে খারাপ আচরণ করছেন। আমি বাধা দিলেও তিনি থামেননি। পরে বাধ্য হয়ে চিৎকার করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত