নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার নামে এক যবুকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত সজিব সরকার (৪৩) রায়পুরা উপজেলার ফুলদি গ্রামের সামসুল হক সরকারের ছেলে ও ঢাকায় একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালিগামী উপকুল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় প্রবেশ করলে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাত হয়। এসময় ট্রেনের বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত হয়। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে আসার পর ছাদ থেকে রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো.নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও ৯৯৯ থেকে ফোন করে জানার পর স্টেশনে থেকে মরদেহ উদ্ধার করি। তার বুকের লোম পুড়ে যায় এবং পড়নের জামাটি ছেড়াঅবস্থায় পাই। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।