চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পড়ে এইচএসসি পরীক্ষার্থী 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম

চট্টগ্রাম নগরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছে নাজিয়াত শওকত তারিম (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী।

সিএনজি চালক ও আরোহীর বেশে অজ্ঞাতনামা তিন দুর্বৃত্ত তার মোবাইল ফোন, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ডসহ টাকাপয়সা ছিনিয়ে নিয়ে কালুরঘাট ব্রিজ এলাকায় ফেলে দিয়ে চম্পট দিয়েছেন। ভুক্তভোগী এইচএসসি পরীক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টার দিকে শহীদ ওয়াসিম ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় ভুক্তভোগী পরীক্ষার্থীর বড় ভাই নাজিয়াত শওকত তারিমের দেওয়া লিখিত অভিযোগ সুত্রে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত হতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলামের মোবাইলে আজ সোমবার রাত পৌনে ১১ টার দিকে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

লিখিত অভিযোগ বলা হয়-আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টার দিকে জীব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে এনায়েত বাজার মহিলা কলেজে কেন্দ্রে যাওয়ার জন্য শুলকবহর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে নাজিয়াত৷ গাড়িটি শহীদ ওয়াসিম ফ্লাইওভারে উঠলে মুরাদপুর অংশে তাকে বহনকারী সিএনজি অটোরিকশাটি ইশারা দিয়ে থামান অজ্ঞাত দুই ব্যক্তি। এরপর ব্যাংকে চাকরি করে বলে তাদের খুব তাড়াতাড়ি কর্মস্থলে যেতে হবে। এ কথা শুনে চালক তাৎক্ষণিক তাদেরকে অটোরিকশায় তুলে নেন। এরপর অজ্ঞাত নামা ওই দুই ব্যক্তি নাকে-মুখে রুমাল চেপে ধরলে শওকত তারিম অজ্ঞান হয়ে যায়। একপর্যায়ে নাজিয়াত শওকত তারিমের হাতে থাকা ফাইল থেকে তার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড  নিয়ে নেয়। এরপর  নাজিয়াতের হাতে থাকা মোবাইল সেট এবং তার মানিব্যাগ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়৷এরপর নাজিয়াতকে অজ্ঞান অবস্থায় কালুরঘাট ব্রিজ এলাকায় ফেলে যায় উক্ত দুর্বৃত্তরা৷

পরবর্তীতে জ্ঞান ফিরলে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় পুলিশ বক্সে এসে এক পুলিশ কনস্টেবলকে বিষয়টি জানান নাজিয়াত। ঘটনা শুনে ওই কনস্টেবল নাজিয়াতের বড়ভাই তাহমীম শওকত তাহিম বেলা আড়াইটার দিকে ওই পুলিশ বক্সে গিয়ে নাজিয়াতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  ভর্তি করেন।

ভুক্তভোগী নাজিয়াত নগরের বহদ্দারহাট আল আমিন হাউজিং সোসাইটির শওকত আলীর ছেলে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কারণে আজ সোমবারে অনুষ্ঠিত জীব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছে নাজিয়াত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত