কেরানীগঞ্জে ৪ হাজার টাকার বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি এলাকায় পাওনা ৪ হাজার ২০০ টাকা নিয়ে বিরোধের জেরে জাহাঙ্গীর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হুমায়ুন কবির (৪৪) নামে একজনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

রবিবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দি ইউনিয়নের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনের গলিতে এ ঘটনা ঘটে। 

আটক হুমায়ুন কবিরের বাড়ি কেরানীগঞ্জের নেকরোজবাগ এলাকায়। তিনি মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীরের সঙ্গে হুমায়ুন কবিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীরকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, অভিযুক্ত ও নিহত উভয়েই মাদকসেবী। প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।