বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের নতুন অধিনায়ক মারিয়া মা-া। রবিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মারিয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ফলে গত এশিয়ান কাপের জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার এবার মারিয়ার নেতৃত্বে খেলবেন। টানা দুই সাফের শিরোপা রয়েছে বাংলাদেশের। ২০২২ ও ২০২৪ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ওই দুই আসরে সাবেক অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে ট্রফি জিতেছিল লাল-সবুজের মেয়েরা। প্রথমটিতে কোচ হিসেবে ছিলেন গোলাম রব্বানী ছোটন এবং দ্বিতীয় শিরোপা ছিল কোচ পিটার বাটলারের অধীনে। ওই দুই আসরেই সাবিনার সঙ্গে সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন মারিয়া মান্ডা। এবার হ্যাটট্রিক শিরোপা মিশনে অধিনায়ক করা হয়েছে সেই মারিয়া মান্ডাকেই। সংবাদ সম্মেলনে কোচ সরাসরি বলেন, ‘আমাদের দলে কিছু নতুন ও তরুণ খেলোয়াড় এসেছে। আপনারা জানেন, আমি মারিয়াকে দলে নিয়ে এসেছি এবং তাকে অধিনায়ক করেছি। সে দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দেবে। এবং আমার সত্যিই মনে হয় যে, এটি খেলোয়াড়দের জন্য ভালো। নিজেদের প্রমাণ করার একটি দারুণ সুযোগ, তবে তার চেয়েও বড় কথা, আপনারা জানেন, ইতিহাস তৈরি করার সুযোগ।’