গ্রেপ্তারের পর জামিনে মুক্ত এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

পরে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

আসামি পক্ষের জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেপ্তার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত। 

এর আগে রবিবার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। 

বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ডিম নিক্ষেপ, হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় আজ সন্ধ্যায় এনসিপি সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখান থেকে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।