ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাদারীপুর সদর উপজেলার একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে রবিবার (২৪ মে) সকাল আনুমানিক ১০টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাদারীপুর সদরের বালিয়া মোল্লাবাড়ি গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৬০), তার স্ত্রী বেলি আক্তার, আলমগীর মোল্লা (৫৮) ও তার স্ত্রী খুশি মোল্লা। জাহাঙ্গীর মোল্লা ও আলমগীর মোল্লা সম্পর্কে আপন সহদর ভাই।
ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন, একই পরিবারের চারজন সদস্যকে হারানো অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করছি। এই শোক কাটিয়ে উঠতে পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।