মাদারীপুরে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ২

মাদারীপুর সদর উপজেলার কুরুপচর গরুর হাটে যাওয়ার পথে বজ্রপাতে জিসান খান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে সদর উপজেলার কুরুপচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসান খান পশ্চিম ছিলারচর গ্রামের আয়ুব খানের ছেলে। আহতরা হলেন— হিমেল খান (২১), পিতা দাদন খান এবং বাবুল খান, পিতা লতিফ খান। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে ট্রাকে করে গরু বিক্রির উদ্দেশ্যে কুরুপচর গরুর হাটে যাচ্ছিলেন তারা। পথে হঠাৎ ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়া শুরু হলে ট্রাকের উপরের অংশে অবস্থানরতদের ওপর বজ্রপাত আঘাত হানে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসান খানকে মৃত ঘোষণা করেন। আহত হিমেল খান ও বাবুল খানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।”