২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের ডাক পাওয়ার পর থেকেই দলের জার্সি নম্বর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সান্তোসের এই সাবেক তারকা যে ১০ নম্বর জার্সিটি পরতেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে তা দেখা গেছে ভিনি জুনিয়রের গায়ে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনি জুনিয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১০ নম্বর জার্সিটি তিনি নেইমারকেই ফিরিয়ে দেবেন।
কাজে টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনি জুনিয়র বলেন, "ব্রাজিল জাতীয় দলে আমার জার্সি নম্বর কত হবে তা আমি জানি না, তবে ১০ নম্বর জার্সিটি নেইমারের—এটা একেবারেই স্বাভাবিক।"
যেভাবে ১০ নম্বর জার্সি পেয়েছিলেন ভিনি
রিয়াল মাদ্রিদে ভিনির সতীর্থ রদ্রিগো হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান। এরপর ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্রাজিলের ১০ নম্বর জার্সিটি পেয়েছিলেন ভিনি জুনিয়র। এর আগে সেলেসাওদের হয়ে সাধারণত ৭ নম্বর জার্সি পরলেও, অতীতের কিছু প্রীতি ম্যাচেও তাকে ১০ নম্বর জার্সিতে দেখা গেছে।
কাজে টিভি সোমবার এই সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যা বিস্তারিত প্রচারিত হবে। এই সংক্ষিপ্ত ক্লিপে ভিনি জুনিয়র ২০১৭ সালে তার ফুটবল ক্যারিয়ার শুরু করা ক্লাব 'ফ্ল্যামেঙ্গো'-তে ফিরে যাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছেন।
গত শনিবার স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে মাঠে ছিলেন না ভিনি জুনিয়র। তবে বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী ২৭ মে তেরেসোপোলিসের গ্রানজা কোমারিতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।