বাড্ডায় চিপস ফ্যাক্টরিতে আগুন

২ শ্রমিকের মৃত্যু কালশী বস্তিতে অগিুকান্ড

রাজধানীর পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস ফ্যাক্টরিতে আগুনে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাহমুদুল হাসান (২৩) এবং মোস্তফা মিয়া (২১)। গত রবিবার গভীর রাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর কালশীর একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

চিপস ফ্যাক্টরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, রবিবার রাত ৩টার দিকে বাড্ডা থানাধীন কবরস্থান রোডে আমির হোসেনের চিপস ফ্যাক্টরির ভেতরে আগুন লাগে। খবর পেয়ে সোমবার ভোর সোয়া ৪টার দিকে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের সহকর্মী রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ৩টার দিকে হঠাৎ বাইরে থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনতে পান তারা। পরে দেখতে পান কারখানায় আগুন লেগেছে। সবাই দ্রুত বের হয়ে আসতে পারলেও মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ভবনটি ছিল দুই তলাবিশিষ্ট। নিচের তলায় ফার্নিচার কারখানা এবং উপর তলায় চিপস ফ্যাক্টরি।

নিহত মাহমুদুল হাসান রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। আর মোস্তফা মিয়া একই উপজেলার চর কাজীপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।

কালশী বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে : রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৫টি ইউনিটের চেষ্টায় গতকাল রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণেও আগুনের তীব্রতা বেড়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার তথ্য পাইনি। এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভয়াবহ এ আগুনে ১০০টির বেশি ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।