সর্বাধিক নাটকে মোশাররফ করিম!

আবার সেই পুরনো ছন্দে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবারের ঈদেও একগুচ্ছ নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। অনেকেই বলছেন এবার ঈদে সর্বাধিক নাটকে দেখা যাবে তাকে। তবে ঠিক কতটা নাটকে অভিনয় করেছেন, বা প্রচার হবে তা নিজেও জানেন না এই তারকা। প্রত্যেকটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। এসব নাটক প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে। এসব নাটকে বিশেষ চমক রয়েছে বলে মন্তব্য করেছেন মোশাররফ করিম। প্রায় সবগুলো টিভি চ্যানেলই একাধিক নাটক-টেলিফিন্ম প্রচার করবে মোশাররফ করিমের। তবে আরটিভি ও মাছরাঙ্গা টিভিতেই বেশি দেখা মিলবে তার। ঈদের দিন মাছরাঙা টিভিতে রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘আদরের দুলাভাই’, সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘কাকার টিকটকার বউ’। এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে তাসনুভা তিশাকে। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে তার ‘মিস্টার লুই’ নামের একটি নাটক। সকাল আহমেদ পরিচালিত এতে মোশাররফের বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি। একই চ্যানেল ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘জোতিষীর বিয়ে’। আহসান হাবীব আকিক পরিচালিত এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাফা কবির। ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৩০ মিনিটে আরেকটি একক নাটকে তাকে দেখা যাবে তার স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে। নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘ত্যাড়া জামাই’। তাইফুর জামান আশিকের রচনা ও পরিচালনার এই নাটকে মোশাররফ করিমের স্ত্রীর ভূমিকায় রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া দীপ্ত টিভির জন্য মোশাররফকে নিয়ে অভিনেতা ও পরিচালক শামীম জামান নির্মাণ করেছেন নাটক ‘কিপ্টে কারে কয়’।