যুক্তরাষ্ট্রে ১৬ শো’তে কনা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা প্লে-ব্যাক, জিঙ্গেল ছাড়াও আধুনিক গান, নাটকের গান এবং ভয়েজ ওভার নিয়ে বছরজুড়েই ব্যস্ত থাকেন। প্রতি মাসেই তার কণ্ঠে নতুন নতুন গান প্রকাশিত হয়। পাশাপাশি বছরজুড়ে স্টেজ শো’তেও ব্যস্ততা থাকে তার। দুই দশকেরও বেশি সময় আগে ২০০৫ সালে স্টেজ শো করতে প্রথম যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এই কণ্ঠশিল্পী।  এরপর ২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করেন তিনি। সেই ধারাবাহিকতায় তিন দিন আগে কনা এবারের টানা ১৬টি শো’তে সংগীত পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান। এরই মধ্যে গতকাল রবিবারই প্রথমবারের মতো ইন্ডিয়ানাতে পারফর্ম করেন।

 কনা জানান, প্রথম শো’তেই শ্রোতা-দর্শককে গানে গানে মাতিয়েছেন তিনি। প্রথম শো নিয়েই ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কনা আজ সোমবার পারফর্ম করবেন মিশিগানে। এরপর একে একে আগামী ১ আগস্ট আটলান্টিক সিটিতে, ২ আগস্ট লস অ্যাঞ্জেলসে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’-এ, ৮ আগস্ট  ওকলাহোমা সিটিতে, ১৪ আগস্ট ডালাসে, ২১ আগস্ট হিউস্টনে, ২৮ আগস্ট শিকাগোতে, ২৯ আগস্ট বোস্টনে, ৫ সেপ্টেম্বর ওরলান্ডোতে, ৬ সেপ্টেম্বর আবার লস অ্যাঞ্জেলস-এ, ১২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে, ১৯ সেপ্টেম্বর মিয়ামিতে, ২০ সেপ্টেম্বর আটলান্টায়, ২৬ সেপ্টেম্বর আবার মিশিগানে এবং ৩ অক্টোবর নিউইয়র্কে।

যুক্তরাষ্ট্র সফর নিয়ে কনা বলেন,‘ যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি ততবারই আমি আমার নিজেকে নতুন করে আবিষ্কার করি। সেই ২০০৫ সালে শ্রোতা-দর্শক আমার গান যেমন আগ্রহ নিয়ে উপভোগ করতেন, সেই আগ্রহ আর উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত