মাধবপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে নোয়াপাড়া সাহেববাড়ী গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিরা হলেন- ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তিরা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নোয়াপাড়া সাহেববাড়ী গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে এবং তারা দুজনই গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা আরও জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।