পশ্চিম ইলিশায় রহস্যজনক আগুনে নিজাম মৃধার বসতঘর পুড়ে ছাই

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাংগাসিয়া গ্রামে রহস্যজনক আগুনে নিজাম মৃধার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টার আগেই বিশ্বরোড হাওলাদার মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। আগুনের তীব্রতায় ঘরে একটি সুতো পর্যন্ত অবশিষ্ট নেই বলে জানান স্বজনরা।

ঘরের মালিক নিজাম মৃধা পরিবার নিয়ে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। সেখানে তিনি একটি বাসাবাড়িতে দারোয়ানের চাকরি করেন। গ্রামের বাড়িটি অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যে তার শ্বশুর এসে ঘরটি দেখাশোনা করতেন। 

নিজাম মৃধার ভাই মো. মোস্তফা জানান, আমার ভাই পরিবার নিয়ে ঢাকায় থাকে। মাঝে মাঝে আমার তালই এসে ঘর দেখাশোনা করে। কিন্তু কিভাবে আগুন লাগছে এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারছি না। যে সময় আগুন লাগে তখন এলাকায় কোনো বিদ্যুৎও ছিল না।

খবর পেয়ে ভোলা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলা সদর ফায়ার সার্ভিসের ইউনিট লিডার পরেশ চন্দ্র পাল বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘরের ভেতরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে বলা যাবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা হয়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্টরা।