পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

হঠাৎ করেই ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা সোয়া ১১টার দিকে আবহাওয়া বৈরী হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ঈদকে সামনে রেখে হঠাৎ নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় ঘরমুখো হাজারো যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখী ঝড় শুরু হয় এবং এর সাথে প্রবল বৃষ্টিপাত হতে থাকে। এতে পদ্মা নদী প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে যাত্রীসাধারণ ও নদীতে থাকা যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের সম্ভাব্য দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঘাটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় থাকা প্রায় দেড় শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ সময় গাড়ি চালক ও সাধারণ যাত্রীদের বৃষ্টির মধ্যে ঘাটে অবস্থান করতে হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে। বর্তমানে এই গুরুত্বপূর্ণ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি এবং ১৮টি লঞ্চ নিয়োজিত রয়েছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ছালাম হোসেন জানান, বৈরী আবহাওয়া ও ঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে নৌদুর্ঘটনা এড়াতে এই রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই আবার পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।