হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত

ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে সাহেব বাড়ি গেট বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও রাজধানী খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।  

জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লেখিত এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।