আমস্টারডামে পাসপোর্ট চুরি: বিপাকে সৌদি ডিফেন্ডার

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বে বড় এক অনাকাঙ্ক্ষিত ঝামেলার মুখে পড়েছেন সৌদি আরবের তারকা ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে এক গাড়ি চুরির ঘটনায় নিজের পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র হারিয়েছেন ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক। ফলে যথাসময়ে জাতীয় দলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।

সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে, 'ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ মুহূর্তের প্রস্তুতি ক্যাম্পের জন্য সৌদ আব্দুলহামিদের দলে যোগ দিতে বিলম্ব হওয়ার বিষয়ে একটি আনুষ্ঠানিক আপডেট দিতে চায় সৌদি ফুটবল ফেডারেশন। খেলোয়াড়টির আজ নির্ধারিত সূচি অনুযায়ী রিয়াদ হয়ে দলের ক্যাম্পে যাওয়ার কথা ছিল। কিন্তু আমস্টারডামে সপরিবারে নিজের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার সময় তাঁর ব্যক্তিগত গাড়িতে এক চুরির ঘটনা ঘটে। এতে তাঁর পাসপোর্টসহ মূল্যবান ব্যক্তিগত জিনিসপত্র খোয়া যায়।'

ফেডারেশন আরও জানিয়েছে, বর্তমানে তারা এই সংকটের দ্রুত সমাধানে কাজ করছে। খেলোয়াড়টির জরুরি ট্রাভেল ডকুমেন্ট বা নতুন পাসপোর্টের ব্যবস্থা করতে সৌদির ক্রীড়া মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসে অবস্থিত সৌদি দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে, যেন দ্রুততম সময়ে তিনি যুক্তরাষ্ট্রের ক্যাম্পে দলের সাথে যোগ দিতে পারেন।

ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ধারে ফরাসি ক্লাব আরসি লাঁসে খেলা সৌদ আব্দুলহামিদ সৌদি আরবের নবনিযুক্ত গ্রিক কোচ জর্জিস দোনিসের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে সাবেক কোচ হার্ভে রেনার্ডের বিদায়ের পর দায়িত্ব নেওয়া জর্জিস দোনিসের জন্য এটি প্রথম বড় অ্যাসাইনমেন্ট। তাঁর অধীনে গ্রিন ফ্যালকনরা বর্তমানে বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সেখানে নিউইয়র্ক ও টেক্সাসে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সৌদি আরব।